কুমিল্লায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, ছয় বগি লাইনচ্যুত

কু‌মিল্লায় স্টেশনে‌ দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনের সঙ্গে চট্টগ্রাম থে‌কে ঢাকাগামী সোনার বাংলা এক্স‌প্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে সোনার বাংলা ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়ে গেছে। এ ঘটনায় গুরুতর আহত পাঁচ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে প্রাথমিকভাবে ২৫ জন আহতের খবর পাওয়া গেছে। ধারণা করা যাচ্ছে এ সংখ্যা আরও বাড়তে পারে।  তবে কেউ নিহত হয়েছেন কি না এবং আহতের সংখ্যা মোট কতো তা এ প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি। 


রোববার (১৬ এপ্রিল) বিকেল পাঁচটা ৫০ মিনিটে নাঙ্গলকোটের হাসানপুর রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। 


কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. শাহাবু‌দ্দিন জানান, চট্টগ্ৰাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনের পেছন থেকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী সোনারবাংলা ট্রেনের ইঞ্জিনসহ ছয়টি বগি লাইনচ্যুত হয়। আহ‌তদের ম‌ধ্যে গুরুত্বর পাঁচ জন‌কে স্থানীয় হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। 

তিনি জানান, এখন উদ্ধার কাজ চলছে। দুর্ঘটনার কারণ পরে বলা যাবে। এ‌বিষ‌য়ে পূর্বাঞ্চাল রেলও‌য়ে এক‌টি তদন্ত ক‌মি‌টি গঠন প্রক্রিয়ার্ধীন র‌য়ে‌ছে। ঢাকাগামী রেল চলাচল আপাতত বন্ধ আছে।


নাম প্রকা‌শে অ‌নিচ্ছুক এক রেল কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে জানা গেছে ভুল সিগন্যালের কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রেলওয়ে কর্তৃপক্ষ, স্থানীয় পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাকবলিতদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে। লাইনচ্যুত ইঞ্জিন, বগি উদ্ধারের কাজ দ্রুত করতে রেল কর্তৃপক্ষ স্থানীয় পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করছে।

নাঙ্গলকোটের স্টেশন মাস্টার জামাল বলেন, খবর পেয়ে লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে রওনা হয়েছে।


একাত্তর/এসি