জামালপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ তিন জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে পাঁচ জন।
রোববার (২৩ এপ্রিল) সকালে জামালপুর-টাঙ্গাইল সড়কের নারিকেলিতে পিকআপ ভ্যানের চাপায় অনিক নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। এসময় গুরুত্বর আহত হন অপর আরোহী মুশফিক।
স্থানীয়রা জানান, তারা মোটরসাইকেলে জামালপুর শহর থেকে টাঙ্গাইলের দিকে যাবার সময় পেছন থেকে একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে দুই যুবক গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক অনিককে মৃত ঘোষণা করেন। আহত মুশফিককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতের বাড়ি ঢাকার সাভারের বিরুলিয়া এলাকায়।
এদিকে আজ দুপুরে ইসলামপুরের গুঠাইল-দেওয়ানগঞ্জ সড়কের হলহলি ব্রিজের পাশে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে আসিফ নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এসময় অপর দুই আরোহী গুরুত্ব আহত হন।
আরও পড়ুন: ঝড়ের পূর্বাভাস, ২০ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা
নিহত আসিফ স্থানীয় ঘোনাপাড়া এলাকার আব্দুল বারেকের পুত্র। সে ঢাকার একটি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।
সবশেষ আজ দুপুরে মাদারগঞ্জ পৌরসভার বানিকুঞ্জ বেপারীপাড়ায় বাড়ির সামনে সড়ক পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় আংগুরি বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত বৃদ্ধা ওই গ্রামের সাইরুদ্দীন প্রামানিকের স্ত্রী। এ সময় মোটর সাইকেল চালক ও অপর আরোহী আহত হন।
একাত্তর/আরবিএস