চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় শতাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। সংঘর্ষ চলাকালে বোমার আঘাতে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।
রোববার (২৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে জেলার সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের চন্দ্রনারায়ণপুর গ্রামে এক ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম জিয়ারুল। তিনি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের চন্দ্রনারায়ণপুর গ্রামের কসিমুদ্দিনের ছেলে। জিয়ারুল পেশায় রাজমিস্ত্রি। তিনি ঢাকায় কাজ করেন, ঈদে বাড়ি এসেছিলেন।
স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, নারায়ণপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আজিম উদ্দিনের সঙ্গে বর্তমান সদস্য রুহুল আমিনের বিরোধ রয়েছে। গত ১০ দিন ধরে সুন্দরপুর এলাকায় দুটি গ্রুপ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আসছিল। এরই জেরে দুই পক্ষ এদিন মুখোমুখি অবস্থান নিয়ে শতাধিক বোমার বিস্ফোরণ ঘটায়।
এ সময় ঘটনাস্থলের পাশেই বাড়িতে থাকা জিয়ারুলের ওপর একটি বোমা এসে পড়ে।এতে তার কোমরের পেছনের দিকের কয়েক জায়গায় মাংস খুলে পড়ে।
নিহত জিয়ারুলের বোন জলি বেগম ও ভাতিজি জোসনারা বেগমের দাবি, তিনি ঢাকায় রাজমিস্ত্রির কাজ করেন। ঈদের ছুটিতে সে বাড়ি এসেছিলেন। দুপুরে ভাত খাবার সময় হঠাৎ তাদের বাড়িতে হামলা হয়। এসময় বোমার আঘাতে তিনি গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করে। আমরা এই হত্যার সুষ্ঠু বিচার চাই।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক জনপ্রতিনিধি বলেন, এ ঘটনায় অন্তত ১০ জন ব্যক্তি আহত হয়েছেন। তবে তারা পুলিশের হাতে আটকের ভয়ে সরকারি হাসপাতালে ভর্তি না হয়ে প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়েছে। রোববার দুই গ্রুপের সংঘর্ষে অন্তত শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে ঈদের দিন শনিবার (২২ এপ্রিল) রাতেও প্রতিপক্ষকে আতঙ্কিত করতে প্রায় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
আরও পড়ুন: হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ছয় কৃষক নিহত
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. আনোয়ার রফিক জানান, ককটেলের বিস্ফোরণে নিহত ব্যক্তির পিঠের মাংস উড়ে গেছে। এছাড়াও হাতে ব্যাপক জখমের চিহ্ন ছিল। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
একাত্তর/এসি