রাজবাড়ীতে পৃথক দুই মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত রাহুল নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার সন্ধ্যায় গোয়ালন্দ মোড়ের কদমতলা ও বিকেলে শ্রীপুর এলাকায় এ দুর্ঘটনা দুটো ঘটে।
নিহত রাহুল রাজবাড়ী সদর উপজেলার গঙ্গাপ্রসাদপুর এলাকার নাজির ইসলামের ছেলে।
আহত অপর চারজনের রাজবাড়ী ও ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে।
তারা হলেন, উদয়পুর এলাকার দাড়াজ আলীর ছেলে রশিদ মোল্লা, কোলার হাট এলাকার আয়ুব খানের ছেলে জিহাদ খান, একই এলাকার হাতেম আলীর ছেলে আমজাদ ও বড়লক্ষিপুর এলাকার আক্তার সর্দারের ছেলে সজল।
আহতদের মধ্য থেকে রশিদ মোল্লা ও জিহাদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুতিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজবাড়ীর টিম লিডার আব্দুর রহমান জানান, রোববার সন্ধ্যায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ মোড়ের কদমতলা এলাকায় দুটো মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ফায়ার সার্ভিস কর্মীরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত রাহুল, রশিদ ও জিহাদকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে।
বিকেলে শহরের শ্রীপুর এলাকায় দ্রুত গতির একটি মোটরসাইকেলের সাথে কুকুরের সংঘর্ষ হলে আমজাদ ও সজল নামের আরো দুই যুবক আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আরও পড়ুন: চেয়ারে বসাকে কেন্দ্র করে ছুরিকাঘাত, স্কুলছাত্র নিহত
রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তিনজনকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাহুল নামে এক যুবকের মৃত্যু হয়।
একাত্তর/আরএ