বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় মো. সাহাবুদ্দিনের নিজ জেলা পাবনায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের আয়োজনে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বড় পর্দায় রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান দেখানো হয়। টিভির পর্দায় শপথ গ্রহণের পরপরই জেলা আওয়ামী লীগ কার্যালয়ে রাষ্ট্রপতির দীর্ঘায়ু ও সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া শেষে সাধারণ মানুষদের মধ্যে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেন নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মামুন, জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজসহ অনেকে।
সোমবার সকাল ১১টায় বঙ্গভবনের দরবার হলে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে মো. সাহাবুদ্দিনকে শপথ পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ সময় নতুন রাষ্ট্রপতির পাশেই ছিলেন বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ।
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, মন্ত্রিপরিষদের সদস্যরা, প্রধান বিচারপতি, নতুন ও বিদায়ী রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া জাতীয় সংসদ সদস্যরা, উচ্চ আদালতের বিচারপতিগণ, প্রধান নির্বাচন কমিশনার, তিন বাহিনীর প্রধান, বিদেশি রাষ্ট্রদূত, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও ব্যবস্থাপকরা, রাজনৈতিক নেতৃবৃন্দ, পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারাসহ প্রায় হাজারখানেক অতিথি উপস্থিত ছিলেন।
একাত্তর/এসি