ঝালকাঠিতে চাচা-ভাতিজাকে কুপিয়ে হত্যা

ঝালকাঠিতে সাবেক ইউপি সদস্য ও তার ভাতিজাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) রাতে সোয়া আটটার দিকে জেলার রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের জগাইরহাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন- শুক্তাগড় ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুর রব হাওলাদার (৬০) ও তার ভাতিজা মো. বেলায়েত হোসেন (৫৫)।

আটক সন্দেহভাজনের নাম হাসান। তিনি খুলনার দৌলতপুরের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, আব্দুর রব ও বেলায়েত হোসেনকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে জখম করে। রাত ৯টার দিকে দুই জনকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে স্বজনরা রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুর রব হাওলাদারের ভাগ্নে মো. নাসির উদ্দিন জানান, প্রতিপক্ষের লোকজন রব মেম্বারকে কুপিয়ে খালে এবং বেলায়েত হোসেনকে সড়কের ওপর ফেলে রাখে। পরে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।


রাজাপুর থানার অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: ঈদ সালামি নিতে গিয়ে ধরা ধর্ষণ ও অস্ত্র মামলার আসামি

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানিয়েছেন, তদন্তের স্বার্থে পুরো বিষয়টি এখনি সামনে আনা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, স্থানীয় আধিপত্য এবং সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে। দ্রুত সময়ের মধ্যে তদন্তে সব বেরিয়ে আসবে। 


একাত্তর/এসি