বাংলাদেশে ঢোকার সময় কক্সবাজার থেকে ২১ কেজি ৯০ গ্রাম আইস বা ক্রিস্টাল মেথ মাদকসহ তিনজনকে আটক করেছে সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
বাহিনীটির পক্ষ থেকে বলা হয়েছে, এর আগে দেশের মধ্যে আইসের এত বড় চালান কখনো ধরা পড়েনি। জব্দ করা মাদকের গন্তব্য ছিল রোহিঙ্গা ক্যাম্প।
বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্ণেল মেহেদী হোসাইন সাংবাদিকদের বলেন, উখিয়ার বালুখালী পয়েন্টে বুধবার ভোরে আইসসহ তিনজনকে আটক করা হয়। ওই মাদকের আনুমানিক বাজারমূল্য ৬৩ কোটি টাকা।
আটক ব্যক্তিরা হলেন- উখিয়ার বালুখালীর বুজুরুছ মিয়া, তার সহযোগী একই এলাকার মোহাম্মদ ইসমাঈল ও পালংখালী এলাকার ছৈয়দুল বাশার।
বিজিবির সেক্টর কমান্ডার জানান, বুধবার ভোরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের দক্ষিণ রহমতের বিল সীমান্ত এলাকা দিয়ে প্রবেশের সময় ছয় থেকে সাত জনকে থামার সংকেত দেয়া হয়। বিজিবির অবস্থান টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। তবে ধাওয়া দিয়ে তিন জনকে ধরে ফেলা হয়।
‘তাদের কাছে থাকা দুইটি বস্তা থেকে ২১ কেজি ৯০ গ্রাম আইস উদ্ধার করা হয়েছে।’
কর্ণেল মেহেদী হোসাইন কবির বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, এটিই আইসের সবচেয়ে বড় চালান। গন্তব্য ছিল রোহিঙ্গা ক্যাম্প। সেখান থেকে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়া হতো।
বাংলাদেশে মেথামফেটামাইন মাদক আইস বা ক্রিস্টাল মেথের আগ্রাসন শুরু হয়েছে সাম্প্রতিক সময়ে।
আরও পড়ুন: হজ ফ্লাইট শুরু ২১ মে, কোটা পূরণে আর সুযোগ নয়
একাত্তর/আরবি