এক রাতে ১৪ দোকানে চুরি, চোরের দলকে খুঁজছে পুলিশ

মানিকগঞ্জ শহরের প্রধান সড়কের অন্তত ১৪টি দোকানে বুধবার রাতে চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে বেশ কয়েকটি দোকান থেকে নগদ টাকাসহ জিনিসপত্র নিয়ে গেছে চোরের দল। প্রতিটি ক্ষেত্রে চোরেরা একই কায়দায় শাটার ভেঙে দোকানে ঢুকেছে। এক রাতে একসঙ্গে এত দোকানে চুরির ঘটনায় আতঙ্কে রয়েছেন স্থানীয় দোকান মালিকরা।

বৃহস্পতিবার মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা গেছে, মানিকগঞ্জের শহীদ রফিক সড়কের হাই স্কুল গেটের উল্টো দিকে সবুজ ফার্মেসি, সিটি ড্রাগস, দেশ লাইব্রেরি এবং স্যামসাং মোবাইলের দোকানে চুরি হয়েছে। এর মধ্যে সবুজ ফার্মেসি থেকে ১৫ হাজার, দেশ লাইব্রেরি থেকে তিন হাজার, সিটি ড্রাগস থেকে তিন হাজার টাকা চুরি হয়েছে। তবে স্যামসাং মোবাইলের দোকানের শাটার ভাঙার চেষ্টা করা হলেও ভেতরে কেউ ঢুকতে পারেনি।

হাই স্কুল গেটের একশ' গজ দূরে পৌর মার্কেটের আমিন ফার্মেসি থেকে চুরি হয়েছে ১৫ হাজার টাকা। মায়ের দোয়া নামের একটি দোকানের শাটার ভাঙার চেষ্টা করা হয়েছে।

অপরদিকে দেবেন্দ্র কলেজের সামনে গঙ্গাধরপট্টির মা জেনারেল স্টোর থেকে দুই হাজার টাকা, খান ভ্যারাইটিজ স্টোর থেকে বেশ কিছু সিগারেটের প্যাকেট ও মোবাইল কার্ড এবং পিয়াস নামের একটি দোকান থেকে প্রচুর পরিমাণ মোবাইল কার্ডসহ সিগারেটের প্যাকেট চুতই হয়েছে। 

এছাড়া শহরের সেওতা এবং জয়রা এলাকার দুটি মুদি দোকানেও চোরের দল হানা দিয়ে নগদ টাকা, মোবাইল কার্ডসহ লাখের বেশি টাকা নিয়ে গেছে।

আরও পড়ুন: বাংলাদেশ এখন বিনিয়োগের উপযুক্ত স্থান : প্রধানমন্ত্রী

বনগ্রাম এলাকায়তেও আরও তিনটি দোকানের শাটার ভাঙার চেষ্টা হয়েছে। তবে দোকানের ভেতর কেউ ঢুকতে না পারায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 

এসব ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে পুলিশ বলছে, অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে।  

মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুর রউফ সরকার জানান, ঘটনা জানার পরপরই ফোর্স পাঠানো হয়েছে। সিসি টিভিসহ বিভিন্ন সোর্সে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

একাত্তর/আরবিএস