নৌকাডুবিতে নিখোঁজ বরসহ চারজনের সন্ধান মেলেনি এখনও

পটুয়াখালীর দশমিনা উপজেলার তেঁতুলিয়া নদীতে বরযাত্রীসহ ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ চারজনের এখনো সন্ধান মেলেনি।

শনিবার সকাল থেকে পটুয়াখালী ও বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। সকাল সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজদের কোনো সন্ধান মেলেনি।

এর আগে সকাল ছয়টার দিকে স্থানীয় জেলেরা দুর্ঘটনাকবলিত ইঞ্জিনচালিত ট্রলারটি উদ্ধার করে। সকাল থেকে তেঁতুলিয়া নদীর পাড়ে আউলিয়াপুর লঞ্চঘাটে অপেক্ষা করছেন নিখোঁজ ব্যক্তিদের স্বজন এবং স্থানীয়রা।

নিখোঁজ বরের বাবা মনির হাওলাদার জানান, নৌকাডুবির ঘটনায় তার বড় ছেলে রাব্বি হাওলাদার ও স্ত্রী সেলিনা বেগমসহ চারজন নিখোঁজ রয়েছেন। 

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, শুক্রবার বিকেলে উদ্ধার হওয়া অন্তঃসত্ত্বা নারী লিপি বেগমের মরদেহ শনিবার সকালে নামাজে জানাজা শেষে রণগোপালদি এলাকার নিজ বাড়িতে দাফন করা হয়েছে। 

উল্লেখ্য, দশমিনা উপজেলার পালদি গ্রামের রাব্বি হাওলাদারের সাথে চর শাহজালালের বাসিন্দা হুমায়ুন মুন্সির মেয়ে সুমাইয়ার বিয়ে হয়। শুক্রবার বিকেল পাঁচটার দিকে কনের বাড়ি থেকে নববধূকে নিয়ে ফেরার পথে ইঞ্জিনচালিত মাছ ধরা নৌকাটি অতিরিক্ত যাত্রী বোঝাই থাকার কারণে মাঝনদীতে ডুবে যায়। 

আরও পড়ুন: বাস, ভ্যান ও সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ভ্যানযাত্রী নিহত

এতে লিপি বেগম নামের একজন অন্তঃসত্ত্বা নারীর মরদেহ ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক উদ্ধার করা হয়। তাদের চিৎকারে পাশের লোকজন ট্রলার নিয়ে ঘটনাস্থল থেকে বাকিদের উদ্ধার করতে পারলেও বর রাব্বি হাওলাদার, তার মা সেলিনা বেগম, নিহত লিপি বেগমের শিশু কন্যা খাদিজা (৮), ও অপর শিশু মারিয়া (৮) নিখোঁজ রয়েছেন।


একাত্তর/এসজে