ব্রাহ্মণবাড়িয়ায় আবারো বেঁকে গেল সেই রেল লাইন

লাইন মেরামত করতে না করতেই ব্রাহ্মণবাড়িয়ায় দাড়িয়াপুর এলাকার একই জায়গায় আবারো বেঁকে গিয়েছে রেল লাইন। 

শহরতলীর রেলগেট সংলগ্ন ওই অঞ্চলে গত বৃহস্পতিবার দুপুরে আপলাইনটি বেঁকে যায়। এর ফলে লাইনচ্যুত হয় কন্টেইনারবাহী ট্রেনের সাতটি বগি। 

প্রচণ্ড গরবে লাইন বেঁকে গিয়েছিল বলে তখন বলা হয়েছিল। প্রায় ত্রিশ ঘন্টা মেরামত শেষে শুক্রবার সন্ধ্যায় লাইনটি সচল করা হয়।

কিন্তু সকাল হতেই আবারো বেঁকে গেল রেল লাইন। তবে আগেভাগেই টের পাওয়ায় এবার কোনও দুর্ঘটনা ঘটেনি।  

লাইন বেঁকে যাওয়ায় চট্টগ্রাম-সিলেট লাইন দিয়ে রেল চলাচল বন্ধ রয়েছে। তবে ওই জায়গায় দুটি লাইন থাকায় আরেকটি পথ ব্যবহার করে ঢাকার সঙ্গে চট্টগ্রাম এবং চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক রাখা হয়েছে। 

আরও পড়ুন: চট্টগ্রামে টায়ারের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

আখাউড়া রেলওয়ে জংশনের সহকারী নির্বাহী প্রকৌশলী মেহেদী আহসান আহম্মেদ তারেক বলেন, গরমের কারণে শনিবার সকাল সাড়ে দশটায় আপলাইনের একটি অংশ বেঁকে যায়। এরপর থেকে আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

একই ঘটনায় ডাউন লাইনটিও  যে কোনও সময় বেঁকে যাওয়ার আশঙ্কায় সাবধানে ট্রেন চলানো হচ্ছে রেল সূত্রে জানা গেছে। 


একাত্তর/আরবি