ফরিদপুরে অটোরিকশাচালক হত্যায় একজন আটক

ফরিদপুরে সদর উপজেলার অটোরিকশাচালক আনু মৃধা হত্যাকাণ্ডে একজনকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। 

জানা গেছে, আটক সোহাগ মৃধা (২৪) চাঁদপুর গ্রামের বাসিন্দা। 

শনিবার সকাল ১১টায় ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাহজাহান জানান, গত ১৬ এপ্রিল বিকেলে চাঁদপুর এলাকার একটি কলাবাগান থেকে ওই অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর তার সন্তান পিয়াস মৃধা বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে গোপন তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজন হিসেবে শুক্রবার দিবাগত রাতে চাঁদপুর এলাকা থেকে সোহাগ মৃধাকে আটক করে পুলিশ। 

এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে জিজ্ঞাসাবাদে সোহাগ মৃধা জানান, হত্যাকাণ্ডের দিন ৩০ টাকা ভাড়ায় আনু মৃধার রিকশায় ওঠেন তিনি। এরপর একটি কলাবাগানের ভিতর তাকে ডেকে নিয়ে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে রিক্সাটি নিয়ে যান। পরে খানখানাপুর এলাকায় রিকশাচালক আক্কাস আলী শেখের কাছে ১৭ হাজার টাকায় রিকশাটি বিক্রি করেন তিনি। 

আরও পড়ুন: সাতক্ষীরায় রাসায়নিক মেশানো চার হাজার কেজি আম বিনষ্ট

পুলিশ সুপার জানান, রিকশা ক্রয়কারী আক্কাস আলী শেখ এবং রিক্সা ক্রয়-বিক্রয়ের কাজে সহযোগিতা করায় রবিউল মিয়া নামে আরও একজনকে আটক করে পুলিশ। তাদেরকে এই মামলায় সাক্ষী হিসেবে দেখানো হয়েছে। 


একাত্তর/এসজে