কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে ১৩ মামলার আসামি খুন

কুষ্টিয়ার দৌলতপুরে জমি নিয়ে বিরোধের জেরে ১৩ মামলার আসামিকে ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

মঙ্গলবার সকালে সাড়ে ১০টার দিকে উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের শাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত জাকির মোল্লা (৪৫) ওই গ্রামের আরব আলীর ছেলে। তার বিরুদ্ধে নানা অপরাধে থানায় ১৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, একই এলাকার আবু মণ্ডলের কিছু কৃষি জমি জবর দখল করে রাখার অভিযোগ ছিল জাকির মোল্লার বিরুদ্ধে। আবু মণ্ডল অনেক দেন-দরবার করেও ওই জমি দখলমুক্ত করতে পারেননি। এবার ওই জমিতে মরিচ চাষ করেছিলেন জাকির মোল্লা। সকালে জাকির মোল্লা ওই জমিতে গেলে আবু মণ্ডলের লোকজন তার ওপর হামলা চালিয়ে ধারালো হাঁসুয়া দিয়ে তাকে উপর্যুপুরি কোপায়। এতে ঘটনাস্থলেই মারা যান জাকির। 

পুলিশ জানায়, এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে জাকির মণ্ডলের লোকজন প্রতিপক্ষের চারটি বাড়িতে আগুন লাগিয়ে দেয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: আশুলিয়ায় ৫০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধ এবং নানা অপকর্মের প্রতিশোধ নিতে প্রতিপক্ষের লোকজন জাকির মোল্লাকে খুন করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনার পর এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো