ঠাকুরগাঁওয়ে ‘সুপার স্পেশালিস্ট’ ভুয়া ডাক্তার আটক

ঠাকুরগাঁওয়ে একটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়ে শারিকুল ইসলাম নামে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ব্যক্তিকে দুই বছরে জেল, এক লাখ টাকা জরিমানাসহ হাসপাতালটি সিলগালা করা হয়েছে।

শনিবার (৬ মে) জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার ‘আমাদের হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ এ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাকে আটক, জরিমানা ও হাসপাতালটি সিলগালা করে। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফ।


তিনি জানান, আটক ব্যক্তি নিজেকে ভারতের রাজীব গান্ধী স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ও এমডি-ইন্টারনাল মেডিসিন ডিএম (নিউরো সুপার স্পেশালিস্ট) এবং জেনারেল মেডিসিন ও ব্রেইন স্পাইন নার্ভ বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন।

শামছুজ্জামান জানান, ভারতীয় চিকিৎসক পরিচয়ে শারিকুল ইসলাম ঠাকুরগাঁওয়ের রোগী দেখছেন এমন অভিযোগ পেয়ে হাসপাতালটিতে সকাল বেলা ১১টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত অভিযান চালা হয়। 

তিনি আরও জানান, অভিযোগ পেয়ে এর আগেও ওই হাসপাতালে দুই বার অভিযান চালানো হয়েছিল। কিন্তু তার আগেই শারিকুল পালিয়ে গিয়েছিলেন। একই অভিযোগে আবারও অভিযান চালানো হয়।  


ঠাকুরগাঁও সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. মো. ইফতেখায়রুল ইসলাম জানান, আমরা তার কাগজপত্র, ভারতীয় কিছু সার্টিফিকেট, এমবিবিএস, এমডি ডিগ্রি ও একাডেমিক সার্টিফিকেট (এসএসসি, এইচএসসি) এবং ভারতের বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার যাচাই করেছি। সেখানে দেখা গেছে সব তথ্যই ভুয়া। তিনি আদৌ এসএসসি ও এইচএসসি পাশ করেননি। আমরা তার ভারতীয় পাসপোর্ট জব্দ করেছি। এছাড়াও মোবাইল চেক করে জানতে পেরেছি তিনি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের নাগরিক। 

আরও পড়ুন: ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে থাকছে না তিন ঘণ্টার কোনো পরীক্ষা

এসময় হাসপাতাল কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি। তাই তাদের কারও বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায়নি। তবে তাদের বিরুদ্ধে পরে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ডা. ইফতেখায়রুল।    


একাত্তর/এসি