মাত্র ১০ দিন আগে আইস বা ক্রিস্টাল মেথ মাদকের সবচেয়ে বড় চালান ধরা পড়েছিল কক্সবাজারে। এবার সেই কক্সবাজারেই ধরা পড়েছে আইসের আরও বড় চালান।
উখিয়া উপজেলার পালংখালী থেকে রোববার ভোরে দেশের সবচেয়ে বড় আইসের চালানসহ চারজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র্যাব।
তাদের কাছ থেকে ২৪ কেজি ২০০ গ্রাম আইস উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ১২০ কোটি টাকার মতো।
রোববার দুপুরে র্যাব-১৫ এর ব্যাটালিয়ন সদর দফতরে সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
এর আগে ২৬ এপ্রিল বাংলাদেশে ঢোকার সময় কক্সবাজারের উখিয়ার বালুখালী থেকে ২১ কেজি ৯০ গ্রাম আইস বা ক্রিস্টাল মেথ মাদকসহ তিনজনকে আটক করে বিজিবি।
বাহিনীটির পক্ষ থেকে তখন বলা হয়েছিল, এর আগে দেশের মধ্যে আইসের এত বড় চালান কখনো ধরা পড়েনি। জব্দ করা মাদকের গন্তব্য ছিল রোহিঙ্গা ক্যাম্প।
র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, মিয়ানমার থেকে চা পাতার প্যাকেটে করে বাংলাদেশে আইস নিয়ে আসা হচ্ছিল।
র্যাব-১৫ এর গোয়েন্দারা খবর পেয়ে রোববার ভোররাতের দিকে পালংখালীর শফিউল্লা কাটা এলাকা থেকে অভিযান চালিয়ে মাদকসহ চারজনকে ধরে ফেলেন।
গ্রেপ্তাকৃতদের মধ্যে রয়েছেন- ইমরান ওরফে ইরান মাঝি (৩৩), রুবেল ওরফে ডাকাত রুবেল (২৬), আলাউদ্দিন (৩৫) ও জয়নাল আবেদীন ওরফে কালাবদা। এদের মধ্যে আলাউদ্দিন পুলিশ থেকে চাকরিচ্যুত হয়েছিলেন।
কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সিন্ডিকেটের সদস্য আলাউদ্দিন মাদক পরিবহণের কারণেই পুলিশ থেকে চাকরিচ্যুত হয়। এরপরও সীমান্ত এলাকা দিয়ে সে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
গ্রেপ্তাকৃতদের তাদের বিরুদ্ধে মামলা করে উখিয়া থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশে মেথামফেটামাইন মাদক আইস বা ক্রিস্টাল মেথের আগ্রাসন শুরু হয়েছে সাম্প্রতিক সময়ে।
বিশেষজ্ঞদের মতে, ইয়াবায় এমফিটামিন থাকে পাঁচ ভাগ আর ক্রিস্টাল মেথ বা আইসের পুরোটাই এমফিটামিন।
তাই এই মাদক ইয়াবার থেকে অনেকগুণ বেশি ক্ষতিকর এবং ইয়াবার থেকে অনেক বেশি পরিমাণ প্রতিক্রিয়া তৈরি করে মানবদেহে।
আরও পড়ুন: কুমিল্লায় যুবলীগ নেতা হত্যায় তিন আসামি গ্রেপ্তার
একাত্তর/আরবি