নওগাঁর আম আসছে ২২ মে, লক্ষ্য ৩ লাখ ৭৫ হাজার ৫৩৫ টন

নওগাঁয় বিভিন্ন জাতের আম পাড়ার সময় নির্ধারণ করেছে জেলা প্রশাসন। আগামী ২২ মে থেকে জেলায় গুটি জাতের আম পাড়ার মধ্য দিয়ে শুরু হবে চলতি মৌসুমের আম সংগ্রহ।

রোববার (৭ মে) দুপুর ১২টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক সভায় এক কথা জানান জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।

জেলা প্রশাসক জানান, নিরাপদ, বিষমুক্ত ও পরিপক্ব আম বাজারজাত নিশ্চিতে স্থানীয় আম চাষী ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়।

তিনি জানান, নওগাঁয় চলতি বছরে ৩০ হাজার হেক্টর জমি থেকে তিন লাখ ৭৫ হাজার ৫৩৫ টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ।

সভায় জানানো হয়, জেলায় ২০ মে থেকে গুটি জাতের আম পাড়া যাবে। উন্নত জাতের আমের মধ্যে গোপালভোগ ২৮ মে ও খিরসাপাত বা হিমসাগর দুই জুন থেকে পাড়া যাবে। এছাড়া নাগ ফজলি সাত জুন, ল্যাংড়া ও হাড়িভাঙ্গা ১০ জুন, ফজলি আম ২০ জুন ও আম্রপালি ২২ জুন থেকে পাড়া যাবে। 

সর্বশেষ ১০ জুলাই থেকে আশ্বিনা ও বারী-৪ এবং গৌরমতি জাতের আম পাড়তে পারবেন চাষীরা। তবে আবহাওয়া, তাপমাত্রা, বৃষ্টিপাতসহ বিশেষ কারণে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে আগে আম পাড়া যাবে।

জেলা প্রশাসক বলেন, এই জেলার ধানের মতো আমও এই একটি গর্বের বিষয়। নওগাঁর আম বর্তমানে বাংলাদেশে অগ্রণী ভূমিকা রাখছে। এ জেলার আম খেতে সুস্বাদু মিষ্টি হয় চাহিদা রয়েছে দেশজুড়ে।

আমে ভেজাল ঠেকাতে পরিবহনের আগে এই অঞ্চলের সবচেয়ে বড় আমের বাজার সাপাহার উপজেলা সদর বাজার, পোরশার নোচনাহার, সারাইগাছীসহ বিভিন্ন বাজারে বিশেষ নজরদারি রাখা হবে। 

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় গতবারের চেয়ে এবার নওগাঁর বাগানগুলোতে আমের ফলন ভালো হয়েছে। তবে গাছে আম বেশি ধরার কারণে এবং এপ্রিল মাসে দুই-তিন সপ্তাহ জুড়ে তীব্র তাপদাহের কারণে আমের আকার এবার কিছুটা ছোট হতে পারে। আমের আকার ছোট হলেও গাছে আম বেশি ধরায় আমের উৎপাদন লক্ষ্যমাত্রা কম হওয়ার কোনো আশঙ্কা নেই। 

তিনি আরও বলেন, জেলায় এ বছর গত বছরের তুলনায় ৫২৫ হেক্টর বেশি জমিতে আম চাষ করা হয়েছে। আশা করছি এবছর আমের বাম্পার ফলন ও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। 

এই কৃষি কর্মকর্তা বলেন, আম চাষে নওগাঁর চেয়ে আয়তনের দিক থেকে চাঁপাইনবাবগঞ্জ প্রায় সাত হাজার হেক্টর জমিতে বেশি চাষ হয়। তবে আমাদের আম বাগানগুলো নতুন হওয়ায় এতে ফলন বেশি হয়। নওগাঁ আম চাষে আয়তনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম হলেও আম উৎপাদনে নওগাঁ জেলা প্রথম স্থান দখল করেছে।

আরও পড়ুন: নাটোরে গাছ থেকে আম ও লিচু আহরণের সময়সূচি প্রকাশ

তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রায় এক লাখ মেট্রিক টন আম উৎপাদন বেশি হয়ে থাকে নওগাঁয়। গত বছর নওগাঁ জেলা থেকে ৭৭ মেট্রিক টান আম বিদেশে রপ্তানি হলেও এ বছর প্রায় ৩০০ থেকে ৪০০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য বেশ কিছু আম চাষিকে আন্তর্জাতিক মান অনুযায়ী উত্তম কৃষি পদ্ধতি অনুসরণ করে আম চাষের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

সভায় আমচাষী, ব্যবসায়ী, কৃষি কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তাসহ নওগাঁ সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল উপস্থিত ছিলেন। 


একাত্তর/এসি