ঝিনাইদহে আগুনে পুড়লো দুই দোকান

ঝিনাইদহে আগুন লেগে দুটি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ইউনিট স্থানীয়দের সহযোগিতায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেছে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলার কালীগঞ্জ উপজেলার থানা সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দোকান দুটি হলো- আল্লার দান ইলেকট্রনিক্স ও মোল্লা স্টোর। আগুন নেভাতে গিয়ে আহত ফায়ার সার্ভিস কর্মকর্তার নাম শেখ মামুনুর রশিদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আল্লার দান ইলেকট্রনিক্সে আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে এলাকায় আতঙ্ক দেখা দিলে লোকজন নিরাপদে আশ্রয় নেন। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে। 

আরও পড়ুন: নিষেধ না মেনে কোচিং সেন্টার চালু রাখায় সিলগালা

এ বিষয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিস ও ডিফেন্স সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ পরে বলা যাবে।


একাত্তর/এসি