নীলফামারীর ডিমলায় বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে বিদ্যালয়ে যাওয়ার সময় পথে বালুবাহী ট্রলির চাপায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা শহরের উত্তর তিতপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিন ইসলাম (১৬) উত্তর তিতপাড়া গ্রামের মো. আজিজুল ইসলামের ছেলে এবং ডিমলা উপজেলা শহরের জেলা পরিষদ স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।
নিহতের পারিবার জানায়, সকাল ১০টার আগে বাইসাইকেলে করে বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার জন্য বের হয় শাহিন। পথে নির্মাণাধীন একটি পাকা সড়কের জন্য বালুবাহী ট্রলির চাপায় গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে এলাকাবাসী চালক ও ট্রলিটি আটক করে পুলিশে সোপর্দ করে।
নিহতের বড় ভাই আব্দুল খালেক অভিযোগ করে বলেন, রাস্তার কাজে বালু পরিবহন করা ওই ট্রলির চালক কানে হেডফোন লাগিয়ে এক হাতে মুঠোফোন অন্য এক হাতে স্টিয়ারিং ধরে গাড়ি চালাচ্ছিলেন। এসময় দ্রুতগতির ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে শাহিনকে চাপা দেয়।
আরও পড়ুন: ডোমারে ডাকাতির মালামালসহ তিন ডাকাত গ্রেপ্তার
ডিমলা থানার পরিদর্শক মো. লাইছুর রহমান বলেন, চালককে আটক করে ট্রলিটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা মো. আজিজুল ইসলাম বাদি হয়ে ডিমলা থানায় একটি মামলা করেছেন।
একাত্তর/জো