চট্টগ্রামের পাহাড়তলিতে দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষে দুইজন নিহত হওয়ার ঘটনায় মুল পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার রাতে নগরীর হালিশহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গ্রেপ্তার মো. ফয়সালের বাড়ি নোয়াখালী জেলার কবিরহাট থানায়।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে র্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম জানান, পাহাড়তলি এলাকার আধিপত্য নিয়ে ফয়সাল ও শিহাবের নেতৃত্বাধীন দুই কিশোর গ্যাংয়ের মধ্যে বিরোধ চলছিলো। তবে তারা সবাই কথিত বড়ভাই ইলিয়াস মিঠুর অনুসারী হিসেবে পরিচিত।
গত ৮ মে সন্ধ্যায় শিহাব তার বান্ধবীকে নিয়ে ঘুরতে বের হলে ফয়সাল ও রবিউল তাদেরকে উত্ত্যক্ত করে। এই ঘটনায় শিহাবের সহযোগীরা ফয়সাল ও রবিউলকে মারধর করে।
র্যাবের এই কর্মকর্তা বলেন, বিষয়টি মীমাংসা করতে রাতেই দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসে ইলিয়াস মিঠু। এসময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী ফয়সাল গ্রুপের সদস্যরা শিহাব গ্রুপের ওপর অতর্কিত হামলা চালায় এবং মাসুম ও সজিব নামের দুইজনকে কুপিয়ে হত্যা করে।
আরও পড়ুন: মেহেরপুরে বাসচাপায় পশু চিকিৎসক নিহত
চাঞ্চল্যকর এই ঘটনায় ওই রাতেই পুলিশ সাতজনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে চারজনই ১৬৪ ধারার জবানবন্দীতে হত্যার পরিকল্পনাকারী হিসেবে ফয়সালের কথা জানায়।
পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী বুধবার হালিশহর এলাকা থেকে ফয়সালকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব।
একাত্তর/এসজে