পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও দুইটি মৃত ডলফিন ভেসে এসেছে।
বৃহস্পতিবার সকালে জাতীয় উদ্যান সংলগ্ন সৈকতে জোয়ারে ডলফিন দুইটি ভেসে আসে।
ইরাবতী প্রজাতির মৃত ডলফিন দুইটির একটির দৈর্ঘ্য আট ফুট, অপরটি তিন ফুট। এক সপ্তাহের বেশি আগে ডলফিন দুটি মারা যাওয়ায় এগুলো পচে বিকৃত হয়ে গেছে।
এর আগে, গত ৪ মে সাড়ে সাত ফুট দৈর্ঘ্যের আরেকটি মৃত ডলফিন ভেসে আসে। এ নিয়ে গত এক বছরে ২২টি মৃত ডলফিন কুয়াকাটায় ভেসে আসে।
পটুয়াখালী ইকোফিসের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জানান, তারা ডলফিনের মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করছেন। ইতোমধ্যে মৃত ডলফিনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠিয়েছেন তারা।
আরও পড়ুন: উল্লাপাড়ায় জাল নোট ও ছাপানোর সরঞ্জামসহ একজন গ্রেপ্তার
তিনি আরও জানান, বেশিরভাগ ডলফিন সাগরে জেলেদের ট্রলার বা ট্রলির আঘাত ও জালে আটকা পড়ে মারা গেছে। অন্যগুলোর তদন্ত রিপোর্ট এখনও পাওয়া যায়নি। ভেসে আসা ডলফিন দুইটির শরীরেও আঘাতের চিহ্ন দেখা গেছে।
একাত্তর/জো