পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় বাবুল মৃধা (২৬) ও সাইদুল মল্লিক (২৫) নামে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন।
কলাপাড়া থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির জানান, মঙ্গলবার রাতে কলাপাড়া থেকে নীলগঞ্জ ইউনিয়নে ব্যাটারি চালিত অটোরিকশায় করে শ্বশুড়বাড়ি যাচ্ছিলেন বাবুল মৃধা। তারা কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের ইসলামপুর এলাকায় পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছ বোঝাই হামজাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোতে থাকা তিন জন আহত হয়।
তিনি আরও জানান, পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক বাবুল মৃধাকে মৃত ঘোষণা করেন। অপর দুই আহতকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
কলাপাড়া থানা পুলিশ গাছবাহী হামজা জব্দ ও তার চালককে আটক করেছে। এ ঘটনায় আইনী পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
জানা গেছে, নিহত বাবুল মৃধা রাজাপুরের ঝাড়াখালি গ্রামের আসমত মৃধার ছেলে।
আরও পড়ুন: নাইজেরিয়ায় মার্কিন দূতাবাসের গাড়িবহরে হামলা, নিহত চার
অন্যদিকে মঙ্গলবার রাতে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোটরসাইকেল দুর্ঘটনায় আহত সাইদুল মল্লিক। একইদিন সন্ধায় রাঙ্গাবালীর বড়বাইশদিয়া থেকে বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের চাকায় মাছ ধরার জাল আটকে তিনি রাস্তার পাশে ছিটকে পড়ে যান এবং গাছের সাথে ধাক্কা খেয়ে চালক সাইদুল ও মোটরসাইকেল যাত্রী সাইদুল হাওলাদার আহত হন।
পরে রাত সাড়ে ১০টার দিকে তাদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাইদুল মল্লিক মারা যান। অপর আহত সাইদুল হাওলাদারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
একাত্তর/আরবিএস