পড়ে থাকা বিদ্যুতের তারে প্রাণ গেলো মাদ্রাসা শিক্ষার্থীর

ঝালকাঠিতে সড়কে পড়ে থাকা পল্লী বিদ্যুতের তারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার বেলা ১২টার দিকে জেলার নলছিটি উপজেলার সরমহল গ্রামের মোল্লাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম মো. তাহসিন খলিফা (৮)। সে সরমহল গ্রামের শাহ আলী খলিফার ছেলে এবং স্থানীয় সরমহল কারিমিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, ওই জায়গায় আগে থেকেই পল্লী বিদ্যুতের তার ছিড়ে পড়ে ছিল। তাহসিন পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে এতে বিদ্যুতায়িত হয়। তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় স্থানীয় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলাকে দায়ি করে ঘটনা তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করেছে স্থানীয়রা।

এ ব্যাপারে ঝালকাঠি পল্লী বিদ্যুতের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. কেফায়েত উল্লাহ জানান, আপাতত ওই জায়গার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এ ঘটনায় আমাদের কোনো কর্মকর্তার অবহেলা আছে কি না তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: বান্দরবানে কুকি চিনের হামলায় দুই সেনা নিহত

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান জানান, মঙ্গলবার রাতে ঝড়ে তার ছিড়ে পড়ে থাকতে পারে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/এসি