ডোমারে স্ত্রী হত্যায় অভিযুক্ত পঞ্চগড়ে গ্রেপ্তার

নীলফামারীর ডোমারে স্ত্রীকে হত্যার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে পঞ্চগড় থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ভোরে পঞ্চগড়ের দেবীগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বিকেলে কারাগারে পাঠানো হয়। 

জানা গেছে, গ্রেপ্তার সুবাস চন্দ্র শীল ধুন্দু (৪২) ডোমার সদর ইউনিয়নের চিলাই নাপিতপাড়া গ্রামের বাসিন্দা। 

অপরদিকে নিহত কবিতা রাণী (৩৫) পঞ্চগড়ের বোদা উপজেলার ফুলতাল নাউয়াপাড়া গ্রামের মৃত বীরেন্দ্র চন্দ্র শর্মার মেয়ে।

নিহতের ছোট ভাই সনাতন চন্দ্র শর্মা জানান, সুবাস চন্দ্র শীল ধুন্দুর সাথে ২০০২ সালে বিয়ে হয় কবিতার। জীবন নামের ১৩ বছর বয়সী এক সন্তান রয়েছে এই দম্পতির। 

সনাতনের অভিযোগ, বিয়ের পর থেকে মোটা অংকের যৌতুক দাবি করে কবিতাকে নির্যাতন করতেন সুবাস। তারই জেরে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কবিতার গলা টিপে ধরে এলোপাথাড়ি কিলঘুষি মারতে থাকেন তিনি। 

এরপর থেকে ক্রমাগত বমি করতে থাকলে সন্ধ্যায় দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক কবিতাকে মৃত ঘোষণা করেন। আর তারপরই গা ঢাকা দেন সুবাস।

আরও পড়ুন: শেখ হাসিনার গাড়িবহরে হামলার পলাতক আসামি আটক

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, ঘটনার দিন নিহতের ছোট ভাই বাদী হয়ে ডোমার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরদিন ভোরে পার্শ্ববর্তী দেবীগঞ্জ উপজেলা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়। 

ওসি আরও জানান, স্ত্রী কবিতাকে নিজে হত্যা করেছেন বলে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সুবাস। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।


একাত্তর/এসজে