কুষ্টিয়ায় ক্যারামবোর্ডের জুয়া খেলা নিয়ে দুই গ্রুপের বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের দুইজন নিহত ও আরও আটজন আহত হয়েছেন।
শুক্রবার রাত আটটার দিকে সদর উপজেলার হরিপুর ইউনিয়নের বোয়ালদহ গ্রামের কান্তিনগর মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে নিহতরা হলেন কান্তিনগর এলাকার আবুল খায়েরের ছেলে ওমর আলী (৬৫) ও শুকলাল সর্দারের ছেলে মিরাজ হোসেন (৫০)। আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত আটটার দিকে কান্তিনগর মোড়ে আরিফের দোকানের ক্যারামবোর্ডে টাকা দিয়ে জুয়া খেলা শুরু করেন কয়েকজন। খেলা চলাকালে ওমর আলী ও মিরাজ আলীর মধ্যে বিরোধ শুরু হয়। একপর্যায়ে কথাকাটাকাটি ও ধাক্কাধাক্কি শুরু হলে স্থানীয় একজন পুলিশকে খবর দেয়। কুষ্টিয়া মডেল থানার পুলিশ এসে জুয়াড়িদের ছত্রভঙ্গ করে দেয়।
তারা আরও জানান, পুলিশ চলে যাবার পর রাত আটটার দিকে মিরাজ দেশীয় অস্ত্রসহ কয়েকজনকে সাথে নিয়ে নিয়ে ওমর আলীর ওপর হামলা করে। এসময় ওমর আলীর পক্ষের লোকজনও দেশীয় অস্ত্র নিয়ে এগিয়ে আসলে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে দেশীয় ধারালো অস্ত্রের কোপে উভয় পক্ষের অন্তত ১০ জন জখম হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে প্রথমে ওমর আলী ও পরে মিরাজ আলীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
আরও পড়ুন: রাঙ্গাবালীতে সাগরে মাছধরা নিয়ে সংঘর্ষে চারজন আহত
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জানান, ক্যারামবোর্ডে টাকা দিয়ে জুয়া খেলাকে কেন্দ্র করে এই হতাহতের ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষের পরে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে এবং দোষীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
একাত্তর/জো