পটুয়াখালীতে সাপের কামড়ে শিশুর মৃত্যু

পটুয়াখালীর দশমিনায় আলীপুর ইউনিয়নের পূর্বআলীপুর গ্রামে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার সকালে উপজেলার আলীপুর ইউনিয়নের পূর্বআলীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিশু সৌরভ খলিফা (৮) ওই গ্রামের খবির খলিফার বড় ছেলে। 

নিহত শিশুর পরিবার জানায়, সকাল ১১টায় শিশুটি ঘরের পেছনের বাগানে খেলা করছিলো। তার বাবা হঠাৎ চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখে তার ছেলে পায়ে কামড়ের দাগ ও পাশেই একটি সাপ যাচ্ছে। তিনি চিৎকার করলে এলাকার লোকজন এসে সাপটিকে আটকে ফেলে। স্থানীয়ভাবে ওঝার মাধ্যমে চিকিৎসা করানোর পর শিশুটি বার বার বমি করতে থাকলে, চিকিৎসার জন্য পটুয়াখালী জেলা সদরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

দশমিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান জানান, শিশুটিকে সাপে কামড়ালে প্রথমে স্থানীয়ভাবে ওঝার মাধ্যমে ঝাড়ফুঁক করে বিষ নামানোর চেষ্টা করা হয়। এভাবে সময়ক্ষেপণ না করে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হলে হয়তো তাকে বাঁচানো যেতো।

আরও পড়ুন: ২০ হাজার ইয়াবাসহ সস্ত্রীক পুলিশ কর্মকর্তা আটক

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজা জানান, সন্ধ্যায় সাপে-কাটা ওই শিশুকে হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন এবং স্বজনদের জানান হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। 


একাত্তর/জো