কুমিল্লায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার খাগড়াছড়ির পানছড়ি থেকে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- এজাহার নামীয় সাত নম্বর আসামি কাজী নিজাম উদ্দিন (৫২) ও ১০ নম্বর আসামি মো. জাকির হোসেন (৪৫)।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আহম্মদ সনজুর মোর্শেদ জানিয়েছেন, নিহত এনামুলের বাবা আবদুল অদুদ বাদি হয়ে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা পাছঁ/ছয় জনকে আসামি করেছেন। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এর আগে, শুক্রবার দুপুরে আদর্শ সদর উপজেলার দুর্গাপুর উত্তর ইউনিয়নের আলেখারচর এলাকায় গলা কেটে হত্যা করা হয় ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হককে (৩২)।
আরও পড়ুন: পটুয়াখালীতে সংঘর্ষের পর বিএনপির সমাবেশ পণ্ড
এদিকে জেলায় চলতি বছরে ৩৯টি খুনের ঘটনা ঘটেছে। পর পর খুনের ঘটনায় সাধারণ মানুষ উদ্বিগ্ন। তাদের মতে, আইনশৃঙ্খলা অবনতির কারণে একের পর এক বড় অপরাধ সংঘটিত হচ্ছে।
আর পুলিশ বলছে, আইন শৃঙ্খলার অবনতি নয়, খুবই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুনের ঘটনাগুলো ঘটেছে। এর পেছনে অন্যতম কারণ পরকীয়া, জমিসংক্রান্ত বিরোধ ও মাদকের অর্থ জোগাড়।
পুলিশে দেওয়া তথ্য অনুযায়ী চলতি বছরের কুমিল্লায় ৩৯টি খুনের ঘটনা ঘটেছে। তার মধ্যে জানুয়ারি মাসে ১০টি, ফেব্রুয়ারি মাসে চারটি, মার্চ মাসে ১০টি, এপ্রিল মাসে ১০টি এবং চলতি মে মাসে ২০দিনে ৪টি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।
একাত্তর/এসজে/এসি