বাগেরহাটের ফকিরহাটে পুকুরের পানিতে ডুবে চৌদ্দ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর একটায় উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের কামটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু আব্দুল্লাহ শেখ ওই গ্রামের কামাল শেখের ছেলে।
পুলিশ ও মৃতের পরিবার জানায়, দুপুরের দিকে শিশু আব্দুল্লাহ অন্য শিশুদের সাথে নিজ বাড়ির উঠানে খেলছিল। খেলার কোন এক সময় বাড়ির পুকুরের পানিতে পড়ে যায় শিশুটি। পরিবারের লোকজন টের পেয়ে শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মুহাইমিন আব্দুল্লাহ জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে পরিবার।
আরও পড়ুন: শিবগঞ্জে গ্রিলমিস্ত্রিকে ছুরিকাঘাতে হত্যা
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে শিশুটির মরদেহ মর্গে পাঠায়। পরে আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
একাত্তর/জো