প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে আসামি করে পুঠিয়া থানায় মামলা হয়েছে।
সন্ত্রাস দমন আইনে রোববার রাতে মামলাটি করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন, মামলার পর আসামি আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে পুলিশ।
শুক্রবার পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশে আবু সাইদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন। তার হুমকির ওই ভিডিও ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দেখা যায় চাঁদ বলছেন, ‘আর ২৭ দফা-১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে।’
চাঁদের বক্তব্য ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে রোববার বিবৃতিতে দিয়ে ওই বক্তব্যের প্রতিবাদ জানানো হয়েছে।
বিবৃতিতে বিএনপির নেতা চাঁদের বক্তব্যকে ‘রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত ও ঔদ্ধত্যপূর্ণ’ দাবি করে দলীয় প্রধানকে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছে আওয়ামী লীগ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়া বিএনপি নেতা গ্রেপ্তার হয়েছে কি না সোমবার সকালেই তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
একাত্তর/আরবি