কুমিল্লায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই-বোন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন পাঁচজন। এদের মধ্যে তিনজন একই পরিবারের।
শুক্রবার দুপুর ১২টার দিকে দাউদকান্দি উপজেলার গৌরীপুর-মতলব সড়কের শেখবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানেই দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নিহতরা হলেন- দাউদকান্দি উপজেলার কাউয়াদি গ্রামের সিরাজ মিয়ার ছেলে আল- আমিন (৩৫) এবং তার বড় বোন ছালেহা বেগম(৪৫)।
আহতরা হলেন- নাজমুল (২৫), তার স্ত্রী রিনা আক্তার (২২) শিশু কন্যা নুসরাত (৩)। এরা তিনজন একই পরিবারের। এছাড়া আহতদের মধ্যে রয়েছেন যাত্রী রোকসানা (৩০ ) এবং সিএনজি অটোরিকশা চালক শান্ত (২০)। দুর্ঘটনায় নিহত ও আহত সকলেই সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর ককির ভূঁইয়া বলেন, ঢাকাগামী জৈনপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় জড়ানো বাস ও সিএনজি অটোরিকশা পুলিশ হেফাজতে রয়েছে।
একাত্তর/আরবি