কালিগঞ্জে নছিমনের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে নানার বাড়ি থেকে ফেরার পথে নছিমনের ধাক্কায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 

রোববার সকাল ১০টায় সাতক্ষীরার কালিগঞ্জের জিরেনগাছা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত শাহরিয়ার হোসেন জিম (১০) কালিগঞ্জের বন্দকাটি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে ও বন্দকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। 

জিমের নানা আবু বক্কর ছিদ্দিক জানান, কালিগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামে তার বাড়ি থেকে তার সঙ্গেই বাড়ি ফিরছিল জিম। পথিমধ্যে সকাল ১০টার দিকে তিনি জিরেনগাছায় লিচু কেনার সময় রাস্তার পাশে দাঁড়িয়েছিল তার নাতি। সেখানে বালিভর্তি একটি নছিমন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

আরও পড়ুন: পাহাড়তলীতে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে ছুরিকাঘাতে হত্যা

ঘটনা নিশ্চিত করে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, স্থানীয়রা নছিমনটি আটকাতে পারলেও চালক পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


একাত্তর/জো