ঝিনাইদহে বাসচাপায় পৌরসভার এক কর্মচারী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক ইজিবাইকচালক।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে জেলার কালিগঞ্জ উপজেলার পৌর শহরের সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আ স ম আব্দুস সামাদ। তিনি কালীগঞ্জ পৌরসভার কসাইখানা পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনায় আহত ইজিবাইকচালকের নাম নুর হোসেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী জানান, পৌরসভার কসাইখানা পরিদর্শক আব্দুস সামাদ সকালে মোটরসাইকেলযোগে বৈশাখী তেল পাম্পের সামনে থেকে অফিসের উদ্দেশে রওনা হন। পথে তিনি সাব-রেজিস্ট্রি অফিসের সামনে পৌঁছালে খুলনা থেকে কুষ্টিয়াগামী ‘রূপসা পরিবহন’-এর একটি বাস তাকে চাপা দেয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা একটি ইজিবাইকে ধাক্কা দেয়। এতে আব্দুস সামাদ ও ইজিবাইকচালক নুর হোসেন দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে আব্দুস সামাদকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আহত ইজিবাইকচালক নুর হোসেনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার পর ঘাতক বাসটিকে জব্দ করা সম্ভব হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
