নীলফামারীতে আগুন ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা

নীলফামারীতে আগুন ও ঝড়ে ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দে ১০০ বাণ্ডিল ঢেউটিন ও নগদ তিন লাখ টাকা বিতরণ করা হয়েছে। 

রোববার দুপুরে নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর পরিবারগুলোর হাতে এ সহায়তা তুলে দেন। 

এসময় তিনি বলেন, দেশের অন্য জেলার তুলনায় নীলফামারীতে আগুনের ঘটনা বেশি ঘটছে। মানুষকে সচেতন করেও দুর্ঘটনা ঠেকানো যাচ্ছে না। আমরা সামান্য কিছু দেই, কিন্তু সেটা ক্ষতির তুলনায় কিছুই না। এটা শুধু আপনাদের পাশে দাঁড়ানো, এটা কোনো সমাধান না। আগুন যাতে না লাগে সে ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।

নীলফামারী সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম জানান, সংসদ সদস্যের উদ্যোগে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে দুই বাণ্ডিল করে টিন এবং নগদ ছয় হাজার করে টাকা সহায়তা দেওয়া হয়েছে।   

আরও পড়ুন: ছিনতাইয়ের ২১ দিন পর ২৫ লাখ টাকার একাংশ উদ্ধার

নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ পৌরসভা সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম রিয়াজ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী ও দীপক চক্রবর্তী উপস্থিত ছিলেন।


একাত্তর/এসি