চলন্ত পিকআপ ঘরে ঢুকে ঘুমন্ত মা-মেয়ে নিহত

টাঙ্গাইলের ধনবাড়িতে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বসতঘরে উঠে পড়ায় ঘুমন্ত অবস্থায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হন বাবা। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার দিবাগত রাত ২টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার নল্ল্যা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ঘাতক পিকআপটিকে জব্দ করেছে পুলিশ।

নিহতরা হলেন উপজেলার নল্লা এলাকার গণেশ চন্দ্র রবি দাসের স্ত্রী ফুল রানী রবি দাস (৪২) ও মেয়ে রাধিকা রানী রবি দাস (১২)।

আরও পড়ুন: নোয়াখালীতে গুলিবিদ্ধ আওয়ামী লীগ নেতার মৃত্যু

ধনবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) এম জসিম উদ্দিন জানান, গভীর রাতে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে নল্লা এলাকার একটি বাড়িতে উঠে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় মা ও মেয়ে ঘটনাস্থলে মারা যান। এ সময় তার বাবা গুরুত্বর আহত হন। গুরুত্বর আহত গনেশকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 


একাত্তর/আরবিএস