চলন্ত ট্রেনে উঠতে গিয়ে রেলওয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে রেলওয়ে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে টঙ্গী রেলস্টেশনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত কনস্টেবল আব্দুল বাতেন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার আব্বামুরিয়া খানবাড়ি এলাকার বাসিন্দা। তিনি পুলিশ কনস্টেবল হিসেবে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। 

রেলওয়ে পুলিশ জানায়, সকালে তিনি টঙ্গী থেকে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে করে ঢাকায় যাচ্ছিলেন। চলন্ত ট্রেনে উঠার সময় পিছলে ট্রেনের চাকার নিচে পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: র‍্যাবের ওপর মাদক কারবারিদের হামলা, গুলিবিদ্ধ একজন আটক 

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছোটন শর্মা জানান, নিহত কনস্টেবলের মরদেহ তার গ্রামের বাড়ি পাঠানোর প্রক্রিয়া চলছে।


একাত্তর/জো