টাঙ্গাইলে বেপরোয়া গতির বাইক কাড়লো দুই প্রাণ

টাঙ্গাইলে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় এর চালক ও এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের আরও এক আরোহী। তাকে আশঙ্কাজনক অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে জেলার ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চিতুলিয়াপাড়া কদমতলা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- মোটরসাইকেলের চালক কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের জাবরাজান গ্রামের আফজাল হোসেনের ছেলে শিশির (৩০) এবং পথচারী ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রুহুলী গ্রামের মৃত জসীম উদ্দিনের ছেলে আন্তাজ আলী মণ্ডল (৬৫)। গুরুতর আহত যুবকের নাম ইয়ামিন (২২)। তিনি ইয়ামিন অলোয়া ইউনিয়নের গোলাবাড়ী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, রাস্তা পর হওয়ার সময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল আন্তাজ আলীকে ধাক্কা দেয়। এসময় তিন জনই সড়কে ছিটকে পড়েন। তাদের মধ্যে চালক ঘটনাস্থলে মারা যান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় পথচারী ও আরোহীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক আন্তাজ আলীকে মৃত ঘোষণা করেন এবং ইয়ামিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান।

আরও পড়ুন: বান্দরবানে নিহত সেনার দাফন সম্পন্ন

এ ব্যাপারে ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লিটন মিয়া জানান, পরিবার খবর পেয়ে শিশিরের পরিবার মরদেহ বাড়িতে নিয়ে গেছে। অপর নিহতের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। হাসপাতালে ভর্তি আরোহীর অবস্থা আশঙ্কাজনক।


একাত্তর/এসি