ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা দুই যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় অটোরিকশার আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার মধ্যরাতে উপজেলার কাকিনা ইউনিয়নের লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কবি শেখ ফজলল করিম স্মৃতি ফলকের এলাকায় ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহতরা হলেন পাটগ্রাম উপজেলার বেলতলী (রহমতপাড়া) গ্রামের আব্দুল গফুরের ছেলে রফিকুল ইসলাম (৪০) ও একই উপজেলার চিলার বাজার এলাকার আতিকুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৩৫) ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রংপুর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা পাটগ্রাম উপজেলার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে কালীগঞ্জ উপজেলার কাকিনা কবি শেখ ফজলুল করিম সৃতি কলম নামক স্থানে একটি মালবাহী ট্রাক সিএনজি অটোরিকশাটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। 

এসময় ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেয়ার পথে একজনের মৃত্যু হয়। এছাড়াও অটোরিকশায় থাকা নারীসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদেরকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। 

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থলে এক যাত্রী ও অপর এক যাত্রীকে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। 

তিনি আরও জানান, আহত অবস্থায় তিনজনকে রংপুর ও কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর দুইজন সামান্য আঘাত পাওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে কালীগঞ্জ হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।


একাত্তর/এসজে