লালমনিরহাট দিনেদুপুরে এসকেভেটর নিয়ে এসে এক আইনজীবীর বাসাবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় ওই আইনজীবী ও তার স্ত্রীসহ অন্তত চারজন আহত হয়েছেন। ভুক্তভোগীর আইনজীবীর দাবি, তার সঙ্গে কারো দ্বন্দ্ব নেই। কেন এমন হলো তা তিনি বুঝতে পারছেন না। তার অভিযোগ, এ ব্যাপারে পুলিশকে একাধিকবার ফোন দেওয়া হলেও তারা সময়মতো আসেনি।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে লালমনিরহাট শহরের বিডিআর হাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত মো. হুমায়ুন কবির লালমনিরহাট জেলা জজ আদালতের আইনজীবী। বর্তমানে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আইনজীবী হুমায়ুন কবির আদালতের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। দুপুরে ৪০ থেকে ৫০ জনের একদল মানুষ এসকেভেটরসহ লাঠিসোটা ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়িতে হামলা চালায়। তারা এসকেভেটর দিয়ে বাড়ির মূল ফটক ও দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট চালায়। খবর পেয়ে আইনজীবী হুমায়ুন কবির দ্রুত বাড়িতে ফিরে এলে সন্ত্রাসীরা তাকে বাড়ির সামনের রাস্তায় প্রকাশ্যে বেধড়ক মারধর করে। এ সময় তার পরনের আইনজীবী পোশাক ছিঁড়ে ফেলা হয় এবং দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়। তাকে বাঁচাতে এগিয়ে এলে স্ত্রী রাজিয়া সুলতানা রুমিও হামলা ও লাঞ্ছনার শিকার হন।
ভুক্তভোগী আইনজীবী হুমায়ুন কবির বলেন, দুর্গাপুরের আউয়াল মাস্টারের ছেলে রবিউল ও সম্রাটের নেতৃত্বে ৪০-৫০ জন সন্ত্রাসী আকস্মিকভাবে আমার বাড়িতে হামলা চালায়। তাদের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা ছিলো না। ঘটনার সময় পুলিশকে একাধিকবার ফোন দেওয়া হলেও তারা সঠিক সময়ে পৌঁছায়নি।

আইনজীবীর স্ত্রী রাজিয়া সুলতানা অভিযোগ করে বলেন, আমার স্বামীকে দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দেওয়া হয়। পরে মাটিতে পড়া অবস্থাতেই তাকে লাথি মারা হয়। আমি ঠেকাতে গেলে আমাকেও মারধর ও লাঞ্ছিত করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ত্রাসীদের হাতে ধারালো দেশীয় অস্ত্র থাকায় ভয়ে স্থানীয়দের কেউ এগিয়ে আসার সাহস পাননি। তাদের অভিযোগ, ঘটনাস্থলের কাছেই থানা ও পুলিশ ফাঁড়ি থাকা সত্ত্বেও পুলিশ সময়মতো না আসায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে।
এদিকে শান্ত এই শহরে দিনেদুপুরে এমন হামলায় পুরো এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জেলা আদালতের আইনজীবীরাও।
এ বিষয়ে জানতে চাইলে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ সাদ আহমেদ জানান, খবর পেয়ে পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
