মডার্ন পরিবহনের বাসচাপায় অটোচালকসহ তিনজন নিহত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মডার্ন পরিবহনের একটি বাস সিএনজিচালিত একটি অটোরিকশাকে চাপা দিলে অটোচালকসহ তিনজন নিহত হয়েছেন। 

রোববার সকাল ছয়টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের সুদিয়াখলা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের মৃত আব্দুল হকের ছেলে অটোচালক রফিক মিয়া (৩৫), বানিয়াচং উপজেলার রঘু চৌধুরী পাড়ার মো. আজির হোসেনের ছেলে জিয়াউল হক (৩৬) ও আজমিরীগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে মো. মুছা মিয়া (৬৪)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুইজন যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশাটি শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা দেয়। পথে সুদিয়াখলা প্রথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে হবিগঞ্জ থেকে ঢাকাগামী মডার্ন পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোচালকসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিও রাস্তার পাশে পড়ে যায়।

ঘটনা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হক কামাল বলেন, খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনা কবলিত যানগুলো পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে, তবে বাসচালক পালিয়ে গেছে।


একাত্তর/জো