চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকা থেকে শুক্রবার ভোরে একটি বাসে তল্লাশি চালিয়ে দুই কেজি হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি।
যাত্রীবাহী ওই বাসটি মেহেরপুর থেকে ছেড়ে এসেছিল। বাসে একটি কালো ব্যাগে পাওয়া গেছে দুই কেজি হেরোইন। তবে এই মাদকের বাহককে পাওয়া যায়নি বলে জানিয়েছেন বিজিবি-৮ চট্টগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী।
তিনি বলেন, ভোর ছয়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় সুপার সনি নামক বাসটিতে অভিযান চালানো হয়। বিজিবি চট্টগ্রাম ব্যাটালিয়ন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের টাস্কফোর্স যৌথভাবে এ অভিযান চালায়।
লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ডে মহাসড়ক এলাকায় চট্টগ্রামমুখি বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়। কালো ব্যাগের ভেতর প্যাকেটে মোড়ানো অবস্থায় দুই কেজি হেরোইন পাওয়া গেছে। এর বাহককে শনাক্ত করার চেষ্টা চলছে।
আরও পড়ুন: বৈদ্যুতিক পাখা থেকে আগুন লেগে একই পরিবারের পাঁচজন দগ্ধ
উদ্ধার করা মাদকের বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা হতে পারে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।
এর আগে গত শনিবার ভোর সাড়ে ছয়টার দিকে ভাটিয়ারী এলাকায় অভিযান চালিয়ে এক কেজি হেরোইন উদ্ধার করেছিল বিজিবি।
একাত্তর/আরবি