বরিশাল সিটি নির্বাচনে কোনো পুলিশ সদস্য যাতে পক্ষপাতমূলক আচরণ না করেন সে বিষয়ে হুঁশিয়ার করেছেন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম। তিনি বলেছেন, কারো বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
শনিবার বিকেলে বরিশাল পুলিশ লাইন মাঠে নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি সাংবাদিকদের তিনি জানান, র্যাব-পুলিশ-বিজিবিসহ বিভিন্ন বাহিনীর সাড়ে চার হাজার সদস্য কাজ করবে।
এই নির্বাচন যাতে একটি মডেল নির্বাচন হতে পারে পুলিশ ও আনসার সদস্যের সেই নির্দেশনা দিয়ে তিনি বলেন, নির্দিষ্ট কোনো শঙ্কার তথ্য নেই। তবে, সুষ্ঠু ভোট নিয়ে চ্যালেঞ্জ রয়েছে।
এর আগে বেলা ১১টার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) হেডকোয়ার্টারে নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম জানান, সিটি নির্বাচনে ১২৪ কেন্দ্রের মধ্যে ১০৬টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত হয়েছে। প্রার্থীদের অভিযোগ ও আইনশৃঙ্খলা বাহিনীর পর্যবেক্ষণের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়।
তিনি জানান, প্রতিটি কেন্দ্রে পুলিশ বাহিনীর ১৪ জন এবং ১০ জন আনসারসহ মোট ২০ জন দায়িত্ব পালন করবেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আরও সর্বোচ্চ চার জন পুলিশ সদস্য দেওয়া হবে।
আরও পড়ুন: ইভিএম সবচেয়ে নিরাপদ, এতে ভূত-প্রেত নেই: সিইসি
এদিকে সিটি নির্বাচন উপলক্ষে বরিশাল নগরীতে অবস্থানরত বহিরাগতদের শনিবার রাত ১২টার মধ্যে নগরী ত্যাগের নির্দেশ দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও র্যাব- ৮ পৃথক দুটি সংবাদ সম্মেলনে এ নির্দেশের কথা জানান।
একাত্তর/এসি