চুয়াডাঙ্গায় আন্তঃজেলা ডাকাত সর্দারসহ আটক তিন

চুয়াডাঙ্গায় গত কয়েকদিনের বিশেষ অভিযানে এলাকার শীর্ষ ডাকাত সর্দার ও ১০টি ডাকাতি মামলার আসামি সজিব ওরফে ফজাসহ (২৩) তিন ডাকাতকে আটক করা হয়েছে। এসময় ডাকাতির জন্য ব্যবহৃত ধারালো অস্ত্র এবং নগদ টাকা উদ্ধার করেছে।

শনিবার বেলা সাড়ে ৩টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন তার সম্মেলন কক্ষে এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, গত ৮ জুন রাতে ঢাকা থেকে পূর্বাশা পরিবহণ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় যাওয়ার পথে, রোয়াকুল মাদ্রাসা এলাকায় ডাকাতদল সড়কে গাছ ফেলে পূর্বাশা পরিবহনের যাত্রী ও ঢাকার মিরপুরের জাভেদ হোসেনের কাছ থেকে নগদ প্রায় ৯ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ওই যাত্রী পরদিন ৯ জুন আলমডাঙ্গা থানায় বাদি হয়ে অজ্ঞাত ডাকাতদলের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

আরও পড়ুন: রাশিয়াকে ড্রোন উৎপাদনে সহায়তা করছে ইরান: যুক্তরাষ্ট্র

এ মামলার পর পুলিশ ডাকাত আটকের জন্য অভিযান চালাতে থাকে। গত শনিবার রাতে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজের সাহায্যে আলমডাঙ্গা উপজেলার নওদা বন্ডবিল গ্রামের মন্টুর ছেলে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য সজিব হোসেন ওরফে ফজাসহ (২৪) একই এলাকার সোহেল হেসেন (২২) ও রনিকে (২০) আটক করে। তাদের কাছে থেকে ডাকাতির নগদ ২৫ হাজার ৩৪২ টাকা ও ডাকাতি কাজে ব্যবহৃত অস্ত্র এবং সরঞ্জাম উদ্ধার করে। ১১ জুন আসামিদের আদালতে সোপর্দ করা হবে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন আরও জানান, জেলার কোথাও ডাকাতি না হোক সে জন্য পুলিশ সজাগ রয়েছে, তার পরেও কিছু ঘটনা ঘটছে। এলাকায় ডাকাতি বন্ধে এবং মানুষের নিরাপত্তায় পুলিশ সবসময় তৎপর রয়েছে।

একাত্তর/আরবিএস