কুমিল্লায় ফুটবল খেলতে যাওয়ার সময় কাভার্ড ভ্যানের চাপায় একটি ছোট পিকআপের চালকসহ চার জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ৯ জন জন। ঘটনাস্থলে দুই জন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই জনের মৃত্যু হয়।
রোববার বিকেল চারটার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পিকআপ ভ্যান চালক মো. মোর্শেদ (৩০), লালবাগ হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র শাহিন আলম (১৪), একই স্কুলের দশম শ্রেণির ছাত্র মো: সাকিব (১৭) ও এসএসসি পরীক্ষার্থী মো: ফয়সাল (২০)।
সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী জানান, বিকেলে একটি ছোট খোলা পিকআপে করে ১৬ জন কিশোর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনুর্ধ্ব-১৭) খেলার উদ্দেশে উপজেলা পরিষদ মাঠের যাচ্ছিলো। পথে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আজিজুর রহমান সিদ্দিকী জানান, ৯ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে তিন জনকে মৃত ঘোষণা করা হয়েছে।
সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ জানিয়েছিলেন, এখন পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও একজনের অবস্থা আশঙ্কাজনক।
পরে চিকিৎসাধীন অবস্থায় আরও এক জন মারা যান। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চার জনে দাঁড়িয়েছে।
একাত্তর/এসি