ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের মিছিলে হামলা ও বিস্ফোরণ

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্রদলের নব গঠিত কমিটির আনন্দ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এ সময় অন্তত অর্ধশতাধিক ককটেল বিষ্ফোরণ ঘটে। এতে পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছাত্রদলের অভিযোগ, পদবঞ্চিতরা এই হামলা করেছে।

সোমবার সকালে শহরতলীর বিরাসার বাসস্ট্যান্ড মোড়ে ও খৈয়াসার রোডে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ছাত্রদল নেতারা জানান, গত বৃহস্পতিবার জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর থেকে ক্ষুব্ধ হয়ে ওঠে পদবঞ্চিতরা। এরই জেরে তারা গত শুক্রবার ও শনিবার বিভিন্ন নেতাকর্মীদের বাড়িতে দফায় দফায় হামলা ও ভাঙচুর করে।  

তারা জানান, সোমবার সকালে শহরের লোকনাথ ট্যাঙ্কের পাড় বিবাদমান দুই পক্ষই কর্মসূচি দেয়। তবে পুলিশের অনুমতি না থাকায় নতুন আহবায়ক কমিটির নেতারা বিরাসার থেকে শুভেচ্ছা মিছিল করে।

তাদের অভিযোগ, মিছিলে জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ফোজায়েল চৌধুরীর নেতৃত্বে পদবঞ্চিতরা ককটেল নিক্ষেপ শুরু করে। 

স্থানীয়রা জানান, এ সময় নতুন কমিটির নেতাকর্মীদের পক্ষে যুবদল, কৃষকদলের নেতাকর্মীরাও প্রতিরোধ গড়ে তুললে দুই পক্ষই দা, ককটেলসহ দেশীয় অস্ত্র নিয়ে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, ছাত্রদলের কমিটি নিয়ে বেশ কয়েকদিন ধরেই সংঘর্ষ ও উত্তেজনা চলছে। আজ সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে টিয়ারগ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুরো শহরজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন: সিলেটে দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রাকের ধাক্কা, নিহত 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম শেখ বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। জানমালের রক্ষায় সর্বাত্মক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


একাত্তর/এসি