নীলফামারীতে বিষ দিয়ে একটি খামারের অন্তত ৩০০ হাঁস মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছে ওই খামারের আরও অন্তত ২০০ হাঁস। সেগুলোর চিকিৎসা চলছে।
শনিবার ভোরে জেলা সদরের পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরাশশী গ্রামের মেসার্স বর্ষা ফার্মে এ ঘটনা ঘটে।
খামারী নুরুজ্জামান হোসেন নুরু জানান, খামারে ৫০০ হাঁস ছিল। সকাল ছয়টার দিকে মা খামারে এসে অধিকাংশ হাঁস মৃত অবস্থায় পান। এরপর খামারে এসে জীবিত ও মৃত হাঁসগুলো আলাদা করি। অসুস্থ হাঁসগুলোর চিকিৎসা চলছে। মৃত হাঁসগুলো বাজার মূল্য এক লাখ টাকা।
তার অভিযোগ, শত্রুতা করে রাতে কেউ খামারে প্রবেশ করে ফিডে বিষ মিশিয়ে ছিটিয়েছে। ওই খাবার খেয়ে তাৎক্ষণিক ৩০০ হাঁস মারা গেছে। এঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয় পশু চিকিৎসক আহেদুল ইসলাম বলেন, খবর পেয়ে ওই খামারে গিয়ে অসুস্থ হাঁসগুলোর চিকিৎসা দেই। দেখে মনে হচ্ছে বিষ মিশ্রিত খাবার খাওয়ায় ৩০০ হাঁসের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোন্নাকা আলী বলেন, ওই খামারি থানায় অভিযোগ করলে পুলিশ আমাদের অবগত করবে। নমুনা পরীক্ষা করে মৃত্যুর কারণ নিশ্চিত হয়ে পুলিশকে জানাবো।
আরও পড়ুন: বর্ষার আগেই ডেঙ্গুর রুদ্রমূর্তি, পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
নীলফামারী সদর থানার পরিদর্শক খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, খামারীর অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেবো।
একাত্তর/এসি