ইভিএমের ধীর গতি, বৃষ্টি মাড়িয়ে রাজশাহীতে সুষ্ঠু ভোট

বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে শেষ হয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। তবে ইভিএম মেশিন নষ্ট হওয়া ও ভোট গ্রহণে ধীর গতির অভিযোগ ছিলো সব প্রার্থী ও ভোটাদের। 

বুধবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা এ ভোটগ্রহণ অনুষ্টিত হয়।

ভোট দিয়ে নৌকার মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, শান্তিপূর্ণ ভাবেই ভোট গ্রহণ হচ্ছে। বিএনপি এই নির্বাচনে না এসে ভুল করেছে। ধারনা করা হচ্ছে, ৬০ শতাংশ ভোট পড়তে পারে।

আর জাতীয় পার্টির প্রার্থী ভোটার উপস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে ইভিএমে ভোট গ্রহণে ধীর গতিতে অসন্তোষ প্রকাশ করেন তিনি। 


সরেজিমন, কেন্দ্রগুলোতে ছিল উৎসবের পরিবেশ। বিশেষ করে নারী ভোটাররা আসেন পরিপাটি হয়ে। তারা জানান, কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে এমনই আয়োজন করে থাকেন। 

এদিকে স্যাটেলাইট টাউন হাইস্কুলের নারী কেন্দ্রের একটি ইভিএম মেশিন শুরুতেই কাজ করা বন্ধ করে। প্রায় ঘণ্টা খানিকের চেষ্টায় তা ঠিকও হয়। তবে তখন বাইরে জমে যায় ভোটারদের দীর্ঘ সারি।

তবে দুপুর গড়াতেই বৃষ্টির কারণে ভোটারদের ঢলে কিছুটা ভাটা পরে। প্রায় আধা ঘণ্টার বৃষ্টিতে ভোটারদের উপস্থতি কিছুটা কমে যায়। 

তবে বৃষ্টি হলেও কেন্দ্রে ভোটার টানতে তৎপর ছিলেন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তাদের ছাতা নিয়ে ভোটারদের কেন্দ্রে পৌঁছে দিতেও দেখা গেছে।


এরই মধ্যে দুপুরে চার নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয় বলে জানায় স্থানীয়রা।

পরে ভোটারদের উপস্থিতি বাড়লেও ইভিএম মেশিনের ধীর গতির অভিযোগ বাড়তে থাকে। অনেকে জানান ২/৩ ঘণ্টা অপেক্ষা করেও ভোট দিতে পারছেন না।


রাসিকে ভোটের ব্যাপারে দুপুর দুইটায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি রাশেদা সুলতানা এক ব্রিফিংয়ে বলেন, ভালোভাবেই ভোটগ্রহণ চলছে। কোথাও অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। দুই একটি কেন্দ্রে ইভিএম ধীরগতিতে কাজ করছিলো, তবে তাৎক্ষণিকভাবে তা ঠিক করা হয়েছে। ভোটে বিশৃঙ্খলা করায় রাজশাহীতে একজনকে আটক করে তিন দিনের জেল দেয়া হয়েছে। 

তবে দিন ভর নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতা ছিলো চোখে পড়ার মতো।


একাত্তর/এসি