গ্রেপ্তারের পর পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়া নিয়েই ভারত পালিয়ে যাওয়া আসামিকে অস্ত্র ও হেরোইনসহ গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার ভোর পাঁচটায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাঢ়িদহ ইউনিয়নের বাড়ীনগর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসময় পুলিশের হাত থেকে পলাতক আসামী মাসুদ রানার (২৮) সহযোগী মো. ইলিয়াসকেও (২৪) গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারকৃত মাসুদ রানা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কোদালকাটি জেলেপাড়া গ্রামের মো. নাজিবুল ইসলাম ওরফে নাজিবুরের ছেলে ও মাসুদ রানার সহযোগী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাড়ীনগর গ্রামের মৃত নায়েব আলীর ছেলে মো. ইলিয়াস (২৪)।
সোমবার দুপুরে র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে র্যাব-৫ অধিনায়ক রিয়াজ শাহরিয়ার এসব তথ্য নিশ্চিত করেন।
র্যাব-৫ অধিনায়ক জানান, পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার পর র্যাব তাকে গ্রেপ্তারে কাজ শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুর্গম চরে অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে মাদক ও অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। ভারত থেকে হেরোইন এনে তা বাজারজাত করার উদ্দেশ্যে প্যাকেটজাত করার সময় তার কাছ থেকে হেরোইনগুলো উদ্ধার করা হয়েছে। এছাড়াও একটি বিদেশি পিস্তল ও পুলিশের হাতকড়াও উদ্ধার হয় তার কাছ থেকে।
র্যাব জানায়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, ৮০ লাখ টাকা মূল্যের ৮০০ গ্রাম হেরোইন, হারিয়ে যাওয়া পুলিশের হ্যান্ডকাফ ও একটি মোটরসাইকেল উদ্ধার করে র্যাব।
সংবাদ সম্মেলনে র্যাব অধিনায়ক জানান, পালিয়ে গিয়ে বেশকিছু দিন ভারতে অবস্থান করে কয়েকদিন আগেই দেশে ফিরেছেন বলে গ্রেপ্তারকৃত একাধিক মাদক মামলার আসামি মাসুদ রানা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়।
পুলিশ ও র্যাব সূত্রে জানা যায়, গত ২৪ মে একটি মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি মাসুদ রানাকে আটক করে বিজিবি পোলাডাঙ্গা ক্যাম্পের সদস্যরা। পরে পুলিশ তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় নিয়ে আসে। এসময় গ্রেপ্তারকৃত আসামির মোবাইলে হেরোইনের বেশ কয়েকটি ছবি দেখা যায়। রাতে তাকে সঙ্গে নিয়ে দুর্গম চরাঞ্চলে অভিযানে যায় পুলিশ। সেখানে একটি পাটখড়ির মাচা থেকে কোটি টাকা মূল্যের এক কেজি ৮২ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: গাংনীতে মোটরসাইকেলে ট্রলির ধাক্কায় বৃদ্ধ নিহত
পুলিশ জানায়, ফেরার পথে ভোর পাঁচটার দিকে জেলেপাড়ার একটি লিচুবাগানে পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে মাসুদ হাতকড়া পরিহিত অবস্থায়ই দৌড়ে অন্ধকারের মধ্যে লুকিয়ে যায়। এরপর পুলিশ পিছু নিলেও তাকে আর ধরতে পারেনি। এ ঘটনায় পুলিশের ছয় সদস্যকে প্রথমে থানা থেকে প্রত্যাহার ও পরে সাময়িক বরখাস্ত করা হয়।
একাত্তর/জো