মেহেরপুরে ঈদে ঘুরতে বের হয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই জন। তাদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তির পর ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে, অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে সদর উপজেলার দরবেশপুর গ্রামে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- জিসান (১৪) ও সামিউল ইসলাম বিজয় (১৫)। জিসান মেহেরপুর শহরের মল্লিকপাড়ার আশরাফুল ইসলামের ছেলে এবং মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। আর বিজয় মেহেরপুর শহরের কোর্টপাড়ার মৃত জিয়াউর রহমানের ছেলে।
আহতরা হলো- মেহেরপুর শহরের বোসপাড়ার সাদাত (১৩) ও কাসারিপাড়ার সিয়াম (১৩)।
হাসপাতালের মেডিক্যাল অফিসার শোভন মল্লিক জানান, ভর্তি থাকা দুই ছাত্রের অবস্থাও আশঙ্কাজনক। তাদের ঢাকায় রেফারের প্রক্রিয়া চলছে।
ঘটনাস্থল থেকে বারাদী পুলিশ ক্যাম্পের এএসআই হাফিজুর রহমান জানান, জিসান ও তার কয়েক বন্ধু তিনটি মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা থেকে ঘুরে মেহেরপুর শহরের দিকে আসছিল। চলন্ত মোটরসাইকেলে তাদের খুনসুটি চলছিলো। ওই এলাকায় পৌঁছালে সামনে থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে জিসানের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এসময় পেছন থেকে বন্ধুদের দুটি মোটরসাইকেল জিসানের মোটর সাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার কালভার্টের সঙ্গে ধাক্কা লেগে তিন বন্ধু জখম হয়।
তিনি জানান, স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এসময় চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল সোয়া চারটার দিকে সামিউলের মৃত্যু হয়।
আরও পড়ুন: রংপুরে ২৫০ কোটি টাকার হাড়িভাঙ্গা আম বেচাকেনার আশা
ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত তিনটি মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এএসআই হাফিজুর রহমান।
একাত্তর/এসি