কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে এক তরুণ পর্যটকের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর দুইটার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সীগাল পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পর্যটক মো. সাআদ (২৫) মানিকগঞ্জের মৃত মো. আহসান উল্লাহর ছেলে। তিনি গুলিস্তানে কাজ করেন। ৪০ জনের মতো একটি গ্রুপের সাথে কক্সবাজারে বেড়াতে আসেন তিনি।
কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সৈকতের লাইফ গার্ড ওসমান জানান, সাআদ দুপুরে সৈকতের সীগাল পয়েন্টে থেকে সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ হন। প্রায় এক ঘণ্টা পরে লাবণী পয়েন্টে সৈকতের পাড়ে একজনের নিথর দেহ দেখতে পেয়ে ছুটে যান লাইফগার্ড ও বীচকর্মীরা।
আরও পড়ুন: সাজেকে ডায়রিয়া ও নিউমোনিয়ায় দুইজনের মৃত্যু
সাআদকে তাৎক্ষণিক উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয় বলে জানান পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান।
একাত্তর/জো