ভোমরার পর এবার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। সোমবার এ বন্দর দিয়ে চার ট্রাকে প্রায় ৩৬ টন কাঁচা মরিচ দেশে প্রবেশ করেছে।
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার প্রভাত কুমার সিংহ বলেন, সোমবার সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কাঁচা মরিচ নিয়ে চারটি ট্রাক প্রবেশ করেছে।
হঠাৎ করেই কাঁচা মরিচের দামে আগুন লেগে যায়। দেশের কোথাও কোথাও এক হাজার টাকা পর্যন্ত মরিচের কেজি বিক্রি হওয়ার খবর পাওয়া গেছে।
কাঁচা মরিচের অস্থির বাজার ঠাণ্ডা করতে ভারত থেকে আমদানির অনুমতি দেয় সরকার। রোববার রাতেই সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে দেশে প্রবেশ করে কাঁচা মরিচ বোঝাই ভারতীয় ট্রাক। এই খবরেই সোমবার হুহু করে কমতে শুরু করেছে কাঁচা মরিচের দাম। আমদানির একদিনের ব্যবধানেই কাঁচা মরিচের দাম তিনগুণ কমে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।
সোনামসজিদ স্থলবন্দর কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার আরও কাঁচা মরিচের ট্রাক ভারত থেকে আমদানি করবেন ব্যবসায়ীরা।
একাত্তর/আরবি