চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু।
সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় তাকে মনোনয়ন দেয়া হয়।
সভা শেষে হলে রাত সোয়া ৯টায় গণমাধ্যমের সামনে প্রার্থীর নাম প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, মনোনয়ন বোর্ডের সভায় চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে মহিউদ্দিন বাচ্চুকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে।
মনোনয়ন বোর্ড সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ডা. আফছারুল আমীনের মৃত্যুতে এই আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এখানে উপনির্বাচন হবে আগামী ৩০ জুলাই। তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা ৪ জুলাই পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। মনোনয়নপত্র বাছাই হবে ৬ জুলাই। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১২ জুলাই পর্যন্ত। ১২ জুলাই হবে প্রতীক বরাদ্দ এবং ৩০ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এই নির্বাচনে ভোট গ্রহণ করা হবে ইভিএমে।
একাত্তর/এআর