জামালপুরের সরিষাবাড়িতে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ জুন) বিকেলে সরিষাবাড়ি পৌরসভার বাউসি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সরিষাবাড়ি উপজেলার কামরাবাদ ইউনিয়নের ডিগ্রি পাঁছবাড়ি গ্রামের শহিদ মিয়ার ছেলে কবির হোসেন (২০) ও টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার টেলকি কাঠালতলা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সেলিম মিয়া (১৯)। তারা দুইজন পেশায় ট্রাক চালক।
আরও পড়ুন: করোনা কি শক্তির সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছে?
সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, শুক্রবার বিকেলে ঢাকা থেকে সরিষাবাড়ি-গামী একটি বাস ও বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী কবির ও সেলিম নিহত হয়। খবর পেয়ে সরিষাবাড়ি থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা মৃতদেহ উদ্ধার করে।
ঘাতক বাসটি (ঢাকা মেট্রো ব-১৫-৩৩২৪) জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।
একাত্তর/আরএ